সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট
বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের জন্য ২২ জনের প্রাথমিক বাংলাদেশ দলে সুযোগ
পেয়েছেন পেস তারকা রুবেল হোসেন। তবে আরও একবার দল ছাড়তে হয়েছে তারকা
ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলকে। চলতি জাতীয় লীগে ব্যাট হাতে ম্লান
নৈপুণ্যে নির্বাচকদের আগ্রহ কাড়তে ব্যর্থ এ টপঅর্ডার। গতকাল বিসিবি ঘোষিত এ
টেস্ট দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্পিন তারকা আবদুর রাজ্জাকেরও। সীমিত ওভারের
বাংলাদেশ দলে নিয়মিত দেখা গেলেও দীর্ঘ পরিসরের খেলায় এ বাঁ-হাতি স্পিনারকে
বিবেচনায় নেননি নির্বাচকরা। গত বছর আগস্টে সর্বশেষ টেস্ট বল হাতে দেখা
গিয়েছিল রাজ্জাককে। ইনজুরি-অস্ত্রোপচার পার করে এক বছরে জাতীয় দলে প্রথম
ডাক পেলেন রুবেল। কাঁধের ইনজুরিতে ভুগতে থাকা রুবেল দক্ষিণ আফ্রিকায়
অস্ত্রোপচারে যান চলতি বছরের শুরুতে । গত বছর পাকিস্তানের বিপক্ষে
বাংলাদেশের চট্টগ্রাম টেস্টে কাঁধে আঘাত পান এ পেসার। দীর্ঘ বিরতিতে চলতি
জাতীয় লীগে ফের বল হাতে দেখা যায় রুবেলকে। দুই ম্যাচে এখানে তার প্রাপ্তি
তিন উইকেট। ২২ জনের দলে ফিরেছেন টপঅর্ডার ব্যাটসম্যান জুনাইদ সিদ্দিকী,
জহুরুল ইসলাম ও বাঁ-হাতি স্পিনার এনামুল হক (জুনি)। বাংলাদেশ এ-দল ও জাতীয়
লীগে সদ্য পারফরমেন্স সুযোগ দিচ্ছে এ তিন তারকাকে। দলে রয়েছেন আনামুল,
মমিনুল, তাসকিন, সোহাগ, আল-আমিনদের মতো একবারে তরুণরাও। প্রথম টেস্টের জন্য
১৪ জনের চূড়ান্ত বাংলাদেশ দল ঘোষণা করা হবে আগামী ১০ই নভেম্বর। তার আগে
সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স
দেখে নেবেন বাংলাদেশ দলের নির্বাচকরা। ৮ই নভেম্বর থেকে সাভারে বিকেএসপি’র
মাঠে খেলা হবে তিন [.........]দিনের ম্যাচটি। বিসিবি একাদশ নামে দলের নেতৃত্ব দেবেন জাতীয় অধিনায়ক মুশফিকুর রহিমই। গতকাল ওই একাদশের নামও ঘোষণা করা হয়েছে। দুই ম্যাচ সিরিজে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট আগামী ১৩ই নভেম্বর।
বাংলাদেশ প্রাথমিক স্কোয়াড
তামিম ইকবাল, শাহরিয়ার নাফিস, জুনাইদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ, নাঈম ইসলাম, নাসির হোসেন, নাজিমুদ্দিন, এনামুল হক (জুনি), ইলিয়াস সানি, রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাজমুল হোসেন, শাহাদাত হোসেন, আনামুল হক, মমিনুল হক, তাসকিন আহমেদ, সোহাগ গাজী, আবুল হাসান ও আল আমিন।
বিসিবি একাদশ: মুশফিকুর (অধি.উই), শাহরিয়ার, জুনাইদ, জহুরুল, আনামুল, মমিনুল, মাহমুদুল্লাহ, নাজিমুদ্দিন, তাসকিন, এনামুল (জুনি), শফিউল, আল আমিন।

No comments:
Post a Comment